তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পুরো পৃথিবী এখন জলবায়ু সংকটে প্রবেশ করেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে উপকূলীয় এলাকা পানির নিচে তলিয়ে যেতে পারে। বাংলাদেশ সমুদ্র উপকূলবর্তী দেশ হওয়ায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম।
সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল সদর উপজেলার স্বনির্ভর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘জলবায়ু সংকট মোকাবিলায় অন্যান্য কর্মসূচির পাশাপাশি দেশকে সবুজায়ন ও বৃক্ষায়ন করা জরুরি। বৃক্ষরোপণ শুধু অর্থকরী ফল বা ফসল উৎপাদনের বিষয় নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করার অনিবার্য দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলোর পরিচর্যা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। এ কারণে প্রশাসনের মাধ্যমে যেসব এলাকায় বৃক্ষরোপণ করা হবে, সেসব এলাকার জনগণকে সম্পৃক্ত করে পরিচর্যার পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে এর সুফল পুরো জাতি ভোগ করবে।’
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।