টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের ব্যাটিং আগ্রাসন এখন যেন নিয়মিত চিত্র। বড় সংগ্রহ গড়া আর একের পর এক রেকর্ড ভাঙার ধারাবাহিকতায় এবার নতুন এক বিশ্বরেকর্ড নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হারারেতে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। আর এই ইনিংসের পথ ধরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে অনন্য এক কীর্তি গড়ে দলটি।
২০২৬ সালে এখন পর্যন্ত নবমবারের মতো ২০০ বা তার বেশি রানের ইনিংস খেলেছে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বছরে এতবার দুই শতাধিক রান করার নজির আর কোনো দলের নেই।
এর আগে এই রেকর্ডও ছিল ভারতের দখলে। ২০২৪ সালে ২৬ ম্যাচ খেলে ৯ বার ২০০ রানের গণ্ডি পার করেছিল তারা। তবে এবার মাত্র ২৩ ম্যাচেই সেই সংখ্যায় পৌঁছে নিজেদের রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে গেল ভারত।
চলতি বছরে ভারতের সামনে আরও বেশ কিছু সিরিজ ও টুর্নামেন্ট রয়েছে। ফলে এক বছরে ২০০ প্লাস স্কোরের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নেতৃত্বে পরিবর্তন এলেও ভারতের আগ্রাসী ব্যাটিং পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি। রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের পর এখন শ্রেয়াস আইয়ারের নেতৃত্বেও একই ধারায় এগিয়ে চলছে ভারতীয় টি-টোয়েন্টি দল।