২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রকাশিত ২০২৭ সালের আন্তর্জাতিক সূচিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূচি অনুযায়ী, বাংলাদেশ পুরুষ দল ইংল্যান্ডের বিপক্ষে খেলবে একটি টেস্ট ম্যাচ। ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে একমাত্র এই টেস্ট। অন্যদিকে, বাংলাদেশ নারী দল খেলবে সীমিত ওভারের দুটি সিরিজ। ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে তারা।
নারী দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ হবে নর্থ্যাম্পটনে, দ্বিতীয় ম্যাচ ১০ সেপ্টেম্বর টনটনে এবং তৃতীয় ম্যাচ ১২ সেপ্টেম্বর উরচেস্টারে অনুষ্ঠিত হবে। এরপর ১৭ সেপ্টেম্বর হোভে শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ২১ সেপ্টেম্বর ক্যান্টারবারিতে এবং শেষ ওয়ানডে ২৪ সেপ্টেম্বর চেল্মসফোর্ডে অনুষ্ঠিত হবে।
সূচি প্রকাশ করে ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, ‘বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একমাত্র টেস্টের জন্য স্বাগত জানাতে আমরা উচ্ছ্বসিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড। একই সঙ্গে বাংলাদেশ নারী দলকেও সীমিত ওভারের সিরিজে আতিথ্য দিতে মুখিয়ে আছি।’
বাংলাদেশ পুরুষ দলের একমাত্র টেস্ট
২৮ মে-১ জুন: একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন।
বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি সিরিজ
৮ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ্যাম্পটন।
১০ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, টনটন।
১২ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার।
বাংলাদেশ নারী দলের ওয়ানডে সিরিজ
১৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, হোভ।
২১ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবারি।
২৪ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে, চেল্মসফোর্ড।