শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদী হাসানকে আর্থিক জরিমানার সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি। পৃথকভাবে দুই ক্রিকেটারের বক্তব্য শোনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছে কমিটি।
লিটন দাসের বিরুদ্ধে অভিযোগ, পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার সময় বিসিবিকে না জানিয়ে বিদেশ সফরে গিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পাওয়ার কারণে টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি এই ব্যাটার।
পরে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে আসেন লিটন। এরপর বোর্ডকে অবহিত না করে বিদেশ যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একাদশে জায়গা না পাওয়া নিয়ে গণমাধ্যমে টিম ম্যানেজমেন্টের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন শেখ মেহেদী হাসান। ডিসিপ্লিনারি কমিটি এই বিষয়টিকেও আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে।
শুনানিতে দুই ক্রিকেটারই নিজেদের ভুল স্বীকার করেছেন। তবে আচরণবিধি ভঙ্গের কারণে তাদের আর্থিক জরিমানার সুপারিশ করেছে ডিসিপ্লিনারি বিভাগ। লিটনের তুলনায় মেহেদীর জন্য বেশি অর্থদণ্ডের সুপারিশ করা হয়েছে। যদিও জরিমানার নির্দিষ্ট পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি। বিসিবির অনুমোদনের পরই এই সিদ্ধান্ত কার্যকর হবে।