ইনস্টাগ্রামে নারীদের নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্যের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পর্তুগিজ ফুটবলার রাফায়েল লেয়াও। ব্যক্তিগত বিষয় শেয়ার করার জন্য ব্যবহৃত তার দ্বিতীয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি স্টোরির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া সেই স্টোরিতে লেয়াও লেখেন, ‘নারীরা, বিশ্বকাপ শেষ। এখন ফুটবল বোঝার ভান করাও বন্ধ করতে পারো।’ একজন পেশাদার ফুটবলারের কাছ থেকে এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অনেক সমর্থক। সমালোচনার মুখে পড়ে তিনি স্টোরিটি মুছে ফেলতে বাধ্য হন।
২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগাল শেষ ষোলো থেকেই বিদায় নেয়। পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন হওয়া স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় দলটি। পুরো আসরে লেয়াও পাঁচটি ম্যাচ খেলেন। এতে তিনি একটি গোল এবং একটি অ্যাসিস্টও করেন।
দ্বিতীয় অ্যাকাউন্টের পোস্ট ঘিরে বিতর্ক
রাফায়েল লেয়াওয়ের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৭০ লাখের বেশি অনুসারী রয়েছে। এছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য তার আরেকটি আলাদা অ্যাকাউন্টও রয়েছে। বিশ্বকাপ শেষ হওয়ার পর, স্পেন ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পর ওই ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই তিনি নারীদের ফুটবলজ্ঞান নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন এসি মিলানের এই ফরোয়ার্ড। পরে আরেকটি স্টোরিতে তিনি লেখেন, ‘বন্ধুরা, এই ইনস্টাগ্রামকে এত সিরিয়াসলি নিও না।’ এর মাধ্যমে তিনি দাবি করেন, আগের মন্তব্যটি ব্যঙ্গাত্মক ছিল।