২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে ড্রেসিংরুমে লিওনেল মেসির বলা ‘সবকিছু ভুলে যাও’ বাক্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এই বক্তব্যের পেছনে নানা গোপন ইঙ্গিত বা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতে শুরু করেছিলেন। তবে নতুন প্রকাশিত পূর্ণাঙ্গ ভিডিও সেই জল্পনার অবসান ঘটিয়েছে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ফাইনালে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয় আর্জেন্টিনার। ম্যাচের আগে ড্রেসিংরুম ও টানেলের ভিডিও ভাইরাল হওয়ার পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মেসি।
ভিডিওতে মেসিকে বলতে শোনা যায়, ‘চলো সবাই, শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্ত থাকা। শুধু খেলায় মনোযোগ দাও। সবকিছু ভুলে যাও। আমাদের কাজ শুধু খেলা। সবাই শুধু খেলাতেই মনোযোগ দাও, চলো।’
পরে প্রকাশিত পূর্ণাঙ্গ ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে মূলত ম্যাচের কৌশল নিয়েই আলোচনা চলছিল। গোলকিপার এমিলিয়ানো দিবু মার্টিনেজ সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরোকে স্পেনের আক্রমণ সামলানোর বিষয়ে পরামর্শ দেন। তিনি বলেন, ‘ওদের দিক থেকে দুজন মিলে আক্রমণ করতে পারে, তুমি যদি একটু ছড়িয়ে খেলো... যদি তারা উইংয়ে যায়, তাহলে লামিনে ইয়ামালকে চাপ দিও। ভেতরের দিকে বাড়িয়ে দেওয়া বলগুলোর দিকে খেয়াল রেখো, যেন ওরা ঘুরে যাওয়ার সুযোগ না পায়।’
এরপর লিসান্দ্রো মার্টিনেজ দিবুকে সতর্ক করে বলেন, ‘দিবু, ওরা যখনভেতরে ঢোকার চেষ্টা করবে তখন আমাদের সতর্ক থাকতে হবে। ওরা সবসময় পা বাড়িয়ে ফাঁকা জায়গা খোঁজে, তাই না?’
নিকোলাস তাগলিয়াফিকোকে উৎসাহ দিয়ে লিসান্দ্রো বলেন, ‘চলো নিকো, আজ পুরো ম্যাচে তুমি ওকে একচুলও ছাড় দেবে না। পুরো সময় আটকে রাখবে। চলো দিবু, মন শক্ত রাখো, এটা মাথায় গেঁথে নাও। প্রতিটা বল নিজের নিয়ন্ত্রণে নেবে, ঠিক আছে?’
এ সময় মেসিও রক্ষণভাগকে সতর্ক করে বলেন, ‘ওরা যখন আক্রমণ নিয়ে উঠে আসবে, লিয়ান্দ্রো (পারেদেস) আর এনজোকে বলো তারা যেন বেশি উপরে না উঠে যায়।’
ড্রেসিংরুমের শেষ মুহূর্তে রোমেরো গোলকিপার দিবুকে বলেন, ‘আজ তোমার দিন।’ জবাবে দিবুর আত্মবিশ্বাসী উত্তর ছিল, ‘আজ আমার দিন, আজ ইতিহাস লেখা হবে।’
তবে সেই ইতিহাস আর লেখা হয়নি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।
এদিকে পুরো বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বিষয়টিকে গুরুত্বই দেননি। তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। আমি এসবের কিছুই জানি না। আপনারা কিসের কথা বলছেন, সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই।’