নিজেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পরিচয় দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম বাসিন্দা মো. জহিরুল ইসলাম (৩২)। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবের ইউনিয়নের পূর্ব বহুলী গ্রামের বাসিন্দা। জহিরুল আগে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
পুলিশ জানায়, সম্প্রতি জহিরুল ইসলাম নিজেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পরিচয় দিয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে ফোন করেন। ফোনে তিনি একটি মামলার আসামি কেন গ্রেপ্তার করা হয়নি—এ বিষয়ে প্রশ্ন তোলেন এবং ওসির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, কলারের কথাবার্তায় তার সন্দেহ হয়। কারণ, প্রয়োজন হলে আইজিপি সরাসরি থানার ওসির সঙ্গে নয়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে যোগাযোগ করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় প্রযুক্তির সহায়তায় কলারের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে আটক করা হয়।
সোমবার (২৭ জুলাই) ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত জহিরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, ‘নিজেকে আইজিপি পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় প্রচলিত আইনে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।’
এদিকে অভিযুক্তের পরিবারের সদস্যদের বরাতে ওসি শফিকুল ইসলাম জানান, জহিরুল ইসলাম একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। প্রায় দুই বছর আগে ছুরিকাঘাতের একটি ঘটনায় গণপিটুনির শিকার হয়ে পুলিশের হাতে আটক হন। এরপর থেকে তিনি কখনো স্বাভাবিক, আবার কখনো অস্বাভাবিক আচরণ করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।