বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লায়ন।
আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সফর।
পিঠের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা কামিন্স ফিরছেন নেতৃত্বে। পাশাপাশি হ্যামস্ট্রিং চোট কাটিয়ে লায়ন এবং গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠে হ্যাজলউড দলে ফেরায় অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়েছে।
দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার আলোচিত ‘বিগ ফোর’—প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন; একসঙ্গে মাঠে নামার সুযোগ তৈরি হয়েছে। অভিজ্ঞ এই বোলিং ইউনিটের ফেরায় জায়গা হারিয়েছেন মাইকেল নেসার। ভালো পারফরম্যান্স করলেও মূল স্কোয়াডে জায়গা হয়নি তার, থাকবেন স্ট্যান্ডবাই হিসেবে।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের টেস্ট স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জ্যাক ওয়েদারল্ড, ক্যামেরন গ্রিন, বো ওয়েবস্টার, অ্যালেক্স কেয়ারি, জশ ইংলিস, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।