ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে জয়ের পর রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা। সংস্থাটির স্টেডিয়াম আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ তদন্ত শুরু হয়েছে। ব্যানারটি যুক্তরাজ্যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব ইস্যুকে ঘিরে নতুন করে রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘লাস মালভিনাস সন আর্হেন্তিনাস’ (মালভিনাস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ চলছে।
ফিফার এক মুখপাত্র জানান, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে স্বাধীন শৃঙ্খলা কমিটি ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদন ও সংশ্লিষ্ট পরিস্থিতি পর্যালোচনা করছে। এরপর ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে একই ধরনের ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা। তখন সংস্থাটি এটিকে রাজনৈতিক কর্মকাণ্ডবিষয়ক বিধি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছিল।
এ ঘটনায় তদন্তের আহ্বানকে সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘বিশ্বকাপ আমাদের নাও হতে পারে, কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই আমাদের। দ্বীপগুলোর প্রতি আমাদের অঙ্গীকার কখনো বদলাবে না।’
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেয়ি খেলোয়াড়দের পদক্ষেপকে বোধগম্য ও যৌক্তিক বলে মন্তব্য করলেও বলেন, মাঠের ঘটনা কূটনীতির অংশ নয়। তার ভাষায়, ‘মালভিনাস আর্জেন্টিনার, আমরা কূটনীতিক উপায়েই তা পুনরুদ্ধারের চেষ্টা করব।’
১৯৮২ সালে আর্জেন্টিনার সামরিক সরকার ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করলে যুক্তরাজ্যের সঙ্গে ৭৪ দিনের যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন, ২৫৫ জন ব্রিটিশ সেনা ও দ্বীপের তিন বাসিন্দা নিহত হন।
২০১৩ সালের গণভোটে ফকল্যান্ডের বাসিন্দারা বিপুল ব্যবধানে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে মত দেন। এক হাজার ৫১৭টি ভোটের মধ্যে এক হাজার ৫১৩টি ছিল যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে।
কী ধরনের শাস্তি হতে পারে
ফিফা সাধারণত টুর্নামেন্ট শেষ হওয়ার পর শৃঙ্খলাভঙ্গের ঘটনায় ব্যবস্থা নেয়। তবে দুই দেশের মধ্যকার বিশ্বকাপ ম্যাচে রাজনৈতিক বার্তা প্রদর্শনের কারণে বিষয়টি বেশি গুরুত্ব পেতে পারে। তবে আর্জেন্টিনার ফাইনালে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। দলটির ফাইনালে অংশগ্রহণ বাতিল হওয়ার সম্ভাবনা নেই।
যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি ব্যানার বহনকারী খেলোয়াড়দের স্পেনের বিপক্ষে ফাইনাল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তিনি ইউরো ২০২৪-পরবর্তী উদ্যাপনে ‘জিব্রাল্টার স্পেনের’ স্লোগান দেওয়ায় স্পেনের আলভারো মোরাতা ও রদ্রিকে এক ম্যাচ নিষিদ্ধ করার উয়েফার সিদ্ধান্তের উদাহরণ টানেন।
এ ধরনের ঘটনার নজিরও রয়েছে। ২০১২ লন্ডন অলিম্পিকে দক্ষিণ কোরিয়ার পার্ক জং-উ ‘ডকদো আমাদের ভূখণ্ড’ লেখা ব্যানার প্রদর্শন করায় ফিফা তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল।