আগামী সোমবার (২০ জুলাই) নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। এই ম্যাচের মাধ্যমে নতুন বিশ্বচ্যাম্পিয়নের মুকুট উঠবে এক দলের মাথায়। ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি এবার প্রথমবারের মতো বিজয়ী দলকে দেওয়া হবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং।
ফিফার কোনো প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথম বিজয়ী দলকে ব্যক্তিগতভাবে তৈরি করা বিশেষ রিং দেওয়া হবে। উত্তর আমেরিকার ক্রীড়া ঐতিহ্যের অন্যতম পরিচিত এই সম্মান এবার যুক্ত হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টের সঙ্গে।
মোট দুই হাজার ২৬টি সীমিত সংস্করণের রিং তৈরি করা হবে, যা বিশ্বকাপ ২০২৬-কে স্মরণ করে নম্বরযুক্ত থাকবে। এর মধ্যে ৩০টি রিং দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের সদস্যদের। বাকি এক হাজার ৯৯৬টি রিং ফিফার অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য উন্মুক্ত করা হবে।
রিংয়ের এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে থাকবে বিজয়ী দলের পরিচয় অনুযায়ী বিশেষ নকশা। প্রতিটি রিং আলাদাভাবে নম্বরযুক্ত, ব্যবহারকারীর মাপ অনুযায়ী তৈরি ও সত্যতা নিশ্চিতকারী সনদসহ সরবরাহ করা হবে।
ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং দেওয়া হবে। পরে বিজয়ী দলের জন্য নির্ধারিত ৩০টি রিং ব্যক্তিগতভাবে কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে, যাতে আজীবন এই অর্জনের স্মারক হিসেবে তা সংরক্ষিত থাকে।
তথ্যসূত্র: ফিফা