মরক্কোর বিপক্ষে ৬০ মিনিটে দুর্দান্ত গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ৬৬ মিনিটে ওসমান দেম্বেলেকে দিয়ে করিয়েছেন দলের দ্বিতীয় গোলটি। কিন্তু ম্যাচের ৭৭ মিনিটে হঠাৎ করেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এই তারকাকে।
মাঠ থেকে তার এই বিদায় ফরাসি শিবিরে কিছুটা উদ্বেগের জন্ম দেয়। তবে ম্যাচ শেষে এমবাপ্পে নিজেই জানিয়েছেন, চোট নিয়ে ভয়ের কিছু নেই এবং তিনি ভালো আছেন।
এমবাপ্পে বলেন, ‘আমার গোড়ালিতে একটু আঘাত লেগেছিল, তবে আমি ঠিক আছি।’
ফরাসি তারকার পুরো মনোযোগ এখন সেমিফাইনাল ম্যাচে। শুক্রবার রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম। ম্যাচের জয়ী দলের বিপক্ষেই ১৪ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স।
মরক্কোকে ২–০ গোলে হারানোর পর দলের এমবাপ্পে স্পষ্ট জানান, ‘এই ফ্রান্স দলের সাফল্যের রহস্য কী? স্বস্তি পাওয়ার একটাই উপায়, জয়। যতক্ষণ না আমরা জিতছি, ততক্ষণ আমরা একটুও ছাড় দিই না।’
এমবাপ্পে আরু বলেন, ‘আমরা সেমিফাইনালে উঠেছি, এতে আমরা খুবই আনন্দিত। কিন্তু এখনো অনেক পথ বাকি। আমরা জানি, সামনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে, সেগুলো আমরা এত দিন যেগুলোর মুখোমুখি হয়েছি, তার চেয়েও কঠিন হবে। তবে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।’