বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি মানুষের আস্থা, ভালোবাসা এবং দেশের উন্নয়ন ও দেশপ্রেমের যে জনসমর্থন রয়েছে, তা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে একটি মহল বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রিজ সংলগ্ন মাহবুব খানের চাতালে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দক্ষিণাঞ্চল সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় মাদারীপুর-৩ আসনের আওতাধীন সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, "নির্বাচনের আগে যেমন বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে দলটিকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল, তেমনি এখনও বিভিন্ন মাধ্যমে একই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু সেই ষড়যন্ত্র অতীতে সফল হয়নি, ভবিষ্যতেও কোনো অপশক্তি অপপ্রচার চালিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামাতে পারবে না।"
তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও আস্থা বিএনপির সবচেয়ে বড় শক্তি। তাই গুজব ও বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কাছে দলের কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান তিনি।
সভায় মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম মুন্সীসহ কেন্দুয়া, মস্তফাপুর, ঘাটমাঝি, ঝাউদী ও খোয়াজপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।