বিশ্বকাপে পর্তুগালকে শেষ ষোলোয় তুলে মাঠে যেমন আলো ছড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তেমনি মাঠের বাইরেও মানবিকতায় আবারও নজর কাড়লেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন। লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেস সেই দুর্যোগে একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
কঠিন সময়ের মধ্যেও আন্দ্রেসের ছোট্ট একটি ইচ্ছা ছিল, বিশ্বকাপ স্টিকার অ্যালবামের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর অফিসিয়াল স্টিকার পাওয়া। সেই খবর পৌঁছে যায় রোনালদোর কাছে।
এরপর পর্তুগিজ তারকা পাঠান একটি ব্যক্তিগত ভিডিওবার্তা। সেখানে তিনি বলেন, ‘হ্যালো আন্দ্রেস, কেমন আছ? তোমাকে একটি বড় আলিঙ্গন পাঠাতেই এই ভিডিওটি করেছি। আমি জানি তুমি আমার বড় ভক্ত। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচে এসো, আমরা একসঙ্গে খেলা উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। সাহস রেখো, বন্ধু।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, কয়েকজন দাতার সহায়তায় ইতোমধ্যে আন্দ্রেসের হাতে পৌঁছে গেছে বহু প্রতীক্ষিত সেই স্টিকার। পাশাপাশি রোনালদোর স্বাক্ষর করা একটি জার্সিও উপহার হিসেবে পেতে যাচ্ছে সে। রোনালদোর এই উদ্যোগের আগেই তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছিলেন।
মাঠের সাফল্যের পাশাপাশি মানবিক দৃষ্টান্ত স্থাপন করে আবারও ভক্তদের হৃদয় জয় করলেন পর্তুগিজ সুপারস্টার।