ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতেরা বলেছেন, ফুটবল শান্তি, ঐক্য ও জাতির মধ্যে বন্ধুত্ব জোরদারের শক্তিশালী মাধ্যম। শুক্রবার (৩ জুলাই) রাজধানীতে বাংলাদেশের প্রথম ‘ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ কথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক গুলশান ইয়ুথ ক্লাবের কৃত্রিম টার্ফে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেন, ‘ব্রাজিলের মানুষের কাছে ফুটবল শুধু একটি খেলা বা প্রতিযোগিতা নয়; এটি আনন্দ, শান্তি ও সম্প্রীতির প্রতীক।’
তিনি বলেন, ‘জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে খেলার প্রকৃত সৌন্দর্য উপভোগে। প্রতিদ্বন্দ্বিতা মাঠেই সীমাবদ্ধ থাকা উচিত।’
বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ‘ফুটবল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে একত্রিত করার শক্তিশালী মাধ্যম। এটি বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করেছে।’
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে ফুটবলের বিকাশ অব্যাহত থাকবে এবং এ ধরনের উদ্যোগ তরুণ ফুটবলারদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘বাংলাদেশে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। দেশের লাখো সমর্থক আবেগ নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা অনুসরণ করেন।’
বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম (এটিজেএফবি) ‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্য নিয়ে টুর্নামেন্টটির আয়োজন করেছে। এতে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স অংশ নিয়েছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী এয়ারলাইন্সগুলো হলো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্ক ওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স ও ফ্লাইদুবাই।