লিওনেল মেসির জন্মদিনে লেখা একটি আবেগঘন চিঠি রাতারাতি বদলে দিয়েছে আট বছরের মানু লিটভির জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই চিঠির সুবাদে এবার পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ দেখার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনার এই ক্ষুদে ফুটবলপ্রেমী।
আর্জেন্টিনোস জুনিয়র্সের বয়সভিত্তিক দলে খেলা মানু একটি টেলিভিশন অনুষ্ঠানে হাতে প্ল্যাকার্ড নিয়ে মেসির উদ্দেশে লেখা নিজের চিঠি পড়ে শোনায়। সেখানে সে লিখেছিল, ‘প্রিয় লিও, আজ তোমার জন্মদিন। তাই তোমাকে জানাতে চাই, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তোমাকে খেলতে দেখলে মনে হয় তুমি আর বল যেন এক হয়ে যাও। এটা সত্যিকারের জাদুর মতো। তবে তোমার খেলাই শুধু নয়, মানুষ হিসেবেও তুমি আমার কাছে অনুপ্রেরণা। তুমি সব সময় সতীর্থদের সাহায্য করো, কঠিন সময়েও কখনো হাল ছাড়ো না।’
মানুর এই চিঠি অল্প সময়েই লাখো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। পরে আর্জেন্টিনা দলের এক বাণিজ্যিক অংশীদার প্রতিষ্ঠান তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং জানায়, পুরো পরিবারকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বিশ্বকাপ দেখার ব্যবস্থা করা হবে। ফলে আর্জেন্টিনা ও কেপ ভার্দের শেষ ৩২-এর ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ পাচ্ছে মানু। তার সবচেয়ে বড় স্বপ্ন, এবার হয়তো সামনাসামনি দেখা হবে নিজের আদর্শ লিওনেল মেসির সঙ্গে।
চিঠিতে নিজের স্বপ্নের কথাও জানিয়েছিল এই ক্ষুদে ফুটবলার। সে লিখেছিল, ‘প্রতিদিন ঘুমানোর আগে আমি একই স্বপ্ন দেখি। আমার বিশ্বাস, মেসির জীবনই প্রমাণ করে সবচেয়ে কঠিন স্বপ্নও একদিন সত্যি হতে পারে।’