বিশ্বকাপের নকআউট পর্বে আজ নতুন এক হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেন ও অস্ট্রিয়া। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেসে শুরু হবে শেষ ৩২-এর এই ম্যাচ। কাগজে-কলমে স্পেন এগিয়ে থাকলেও নকআউটের মঞ্চে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নিচ্ছে না ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে শুরু করলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্পেন। সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ‘লা রোহারা’। ইয়ামাল, রদ্রিদেরর দুর্দান্ত ছন্দ, স্প্যানিশদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসি বলেন, ‘আমরা নিজেদের ওপর আত্মবিশ্বাসী। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি একটি যুদ্ধ ছিল, তবে এটি আমাদের এই আত্মবিশ্বাসও দিয়েছে যে আমরা লড়াই করতে জানি। আমাদের ভেতরে সেই লড়াকু মানসিকতা আছে, আর আমার মনে হয়, বিশ্বকাপের মতো মঞ্চে এটা খুবই গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে অস্ট্রিয়ার যাত্রাটা ছিল নাটকীয়। জর্ডানকে হারিয়ে শুরু করলেও আর্জেন্টিনার কাছে হেরে চাপে পড়ে তারা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ড্র করে নকআউট নিশ্চিত করে অস্ট্রিয়ানরা।
প্রতিপক্ষ স্পেন হলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না অধিনায়ক ডেভিড আলাবা। তিনি বলেন, ‘টুর্নামেন্টের ব্র্যাকেট তো আর আমরা পরিবর্তন করতে পারব না। তা ছাড়া বিশ্বকাপে আপনি আসেনই এই ধরনের ম্যাচ খেলার জন্য। আমরা শতভাগ অনুপ্রাণিত এবং জয়ের উদ্দেশ্য নিয়েই মাঠে নামব।’
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য স্পেনেরই আধিপত্য। ১৬ দেখায় ৯টিতে জিতেছে স্প্যানিশরা, অস্ট্রিয়ার জয় ৪টি। তবে ১৯৭৮ সালের বিশ্বকাপে একমাত্র দেখায় ২-১ ব্যবধানে জিতেছিল অস্ট্রিয়াই।
এবারও তাই ফেবারিট স্পেন হলেও নকআউটের ম্যাচে অঘটনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কেউ।