চলতি বিশ্বকাপে লিওনেল মেসি অসাধারণ ফর্মে থাকলেও তাকে ঘিরেই চলছে এক বিতর্কিত ঘটনা। গোলের পর গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিচ্ছেন এই মহাতারকা, তবে এবার যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ইস্যুতে মেসির একটি পুরোনো ঘটনার প্রসঙ্গ টেনে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটে সান ফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্র ও বসনিয়ার ম্যাচে। ৬৪ মিনিটে বল দখলের লড়াইয়ে বসনিয়ান ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বালোগান। রেফারি তাকে লাল কার্ড দেখালে ম্যাচের পর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা।
এই ঘটনার পর ভক্ত-সমর্থকরা মেসির একটি পুরোনো ঘটনার কথা সামনে আনেন। কানসাসে আলজেরিয়ার আইসা মান্দির সঙ্গে বল দখলের সময় মেসির পায়ে হালকা সংযোগ ঘটলেও তাকে কোনো কার্ড দেখানো হয়নি। সেই প্রসঙ্গেই তুলনা টানা হচ্ছে বর্তমান সিদ্ধান্ত নিয়ে।
ইএসপিএন এফসির এক আলোচনায় সাবেক ফুটবলার জার্মেইন জোনস বলেন, ‘যদি আপনার সামনে বল থাকে এবং বল দখল করতে গিয়ে কোনো ফুটবলারকে আঘাত করেন, বিশেষ করে গোড়ালিতে, অধিকাংশ ক্ষেত্রে সেটা লাল কার্ড হবে। কিন্তু সে (বালোগান) বসনিয়ার খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে এসেছিল। এখন যদি ওকে লাল কার্ড দেওয়া হয়, তাহলে মেসির ক্ষেত্রে কেন একই সিদ্ধান্ত হয়নি?’
বালোগানের লাল কার্ডের কারণে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র তাকে পাবে না। তিন গোল ও এক অ্যাসিস্ট করে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিলেন তিনি।
এদিকে মেসির আর্জেন্টিনা এখনো নকআউট পর্বে নামেনি। বাংলাদেশ সময় ভোরে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে তারা। গ্রুপ পর্বে তিন ম্যাচে ৬ গোল করে দারুণ ফর্মে আছেন মেসি, যার মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিক। সব মিলিয়ে ১৯ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এখন তার দখলে।
তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এখন তার নামও জড়িয়ে পড়ছে রেফারিং বিতর্কে, যা বিশ্বকাপের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।