ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের হার তখনও মেনে নিতে পারেননি ডিআর কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। বিশ্বকাপ থেকে বিদায়ের সেই কষ্টের মধ্যেই জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদের মুখোমুখি হন তিনি। ম্যাচ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা পর, সংবাদ সম্মেলন চলাকালেই জানতে পারেন তার বাবা আর বেঁচে নেই।
আটলান্টায় ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনের শেষ প্রশ্নের উত্তর দেওয়ার পর কক্ষ ছাড়তে যাচ্ছিলেন দেসাব্রে। ঠিক তখনই কঙ্গো দলের মিডিয়া অফিসার উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রের বাবা প্রয়াত হয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত।’
ঘোষণার পর মুহূর্তেই নেমে আসে পিনপতন নীরবতা। হারের হতাশার মধ্যেই এমন সংবাদে স্তব্ধ হয়ে যান কঙ্গোর কোচ।
এর আগে ম্যাচে ৭৪ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ডিআর কঙ্গো। শুরুতে ব্রায়ান চিপেঙ্গার গোলে এগিয়ে যায় আফ্রিকার দলটি। তবে শেষ দিকে হ্যারি কেইনের জোড়া গোলে ম্যাচ ঘুরিয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড। ফলে শেষ হয় কঙ্গোর বিশ্বকাপ অভিযান।
বিদায়ের পরও দলের পারফরম্যান্স নিয়ে গর্বের কথা বলেন দেসাব্রে। তিনি বলেন, ‘হতাশার চেয়ে বেশি গর্বিত। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া সত্যিই হতাশার। তবে টুর্নামেন্টে আমরা ৫ গোল করেছি। আমাদের চেয়ে অনেক ওপরের র্যাঙ্কিংয়ের দলগুলোর বিরুদ্ধে খেলে ভালো ফল এনেছি।’