চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে ব্রাজিল। তবে চোটের কারণে এখনও মাঠে নামা হয়নি দলের সবচেয়ে বড় তারকা নেইমারের। সব ঠিক থাকলে আগামী ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরতে পারেন তিনি।
এই অবস্থায় বিশ্বকাপ চলাকালেই নেইমারকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে আলোচ নায় এসেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তার সেই মন্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ব্রাজিলের বেলো হরিজন্তেতে একটি অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে প্রশ্নের জবাবে লুলা হাসতে হাসতে বলেন, ‘নেইমার তো খেলছেই না। ও হল বিশ্বের প্রথম ফুটবলার যে, ঘর থেকে কাজ করে। ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার।’
তিনি আরও বলেন, দল নির্বাচন নিয়েও আধুনিক প্রযুক্তির প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। লুলার ভাষায়, ‘ইন্টারনেটে দেখছিলাম। যে কোনো দিন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দল তৈরি করতে হবে ওদের। হয়তো ১১ জন পেলেকে নিয়ে দল হবে।’
তার এই মন্তব্যের মাধ্যমে তিনি মূলত বুঝিয়েছেন, চোটে থাকা খেলোয়াড়কে জানার পরও জাতীয় দলে রাখা এবং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে তাকে ঘিরে পরিকল্পনা করা কতটা বাস্তবসম্মত।
প্রেসিডেন্টের এই রসিকতা ইতোমধ্যে ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের একাংশের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে, কেউ কেউ এটিকে মজার মন্তব্য হিসেবে দেখলেও, আবার কেউ কেউ বিষয়টিকে সমালোচনার চোখেও দেখছেন।