কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের করা ভবিষ্যদ্বাণী অনেকটাই হুবহু মিলে যাওয়ায় তাকে ঘিরে তখন থেকেই বাড়তি আলোচনার জন্ম হয়েছিল। এবার ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই আবারও শিরোপা নিয়েই বিস্ফোরক এক ভবিষ্যদ্বাণী করেছেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
২০২৬ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিল এবং ‘জে’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। গাণিতিক হিসাব অনুযায়ী গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে নকআউট পর্বের সমীকরণে রাউন্ড অব সিক্সটিন, সেমিফাইনাল কিংবা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে তাদের দেখা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে এখনই, মাত্র টুর্নামেন্টের শুরুতে যখন মাত্র দুইটি ম্যাচ সম্পন্ন হয়েছে এবং সামনে বাকি রয়েছে ১০০’রও বেশি ম্যাচ; ঠিক তখনই নিজের অবস্থান পরিষ্কার করেছেন মার্টিনেজ। আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক মনে করেন, এবারের বিশ্বকাপ ফাইনাল হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ম্যাচ গড়াবে টাইব্রেকারে। আর সেখানে ব্রাজিলকে হারিয়ে শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনাই।
উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপ শুরুর সময়ও তিনি আর্জেন্টিনার শিরোপা জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা শেষ পর্যন্ত সত্যি হয়েছিল। ফাইনালের টাইব্রেকারে তার দুর্দান্ত পারফরম্যান্সেই লিওনেল মেসিদের হাতে উঠেছিল বিশ্বকাপ ট্রফি।
সম্প্রতি অ্যাস্টন ভিলার একটি স্পন্সর ইভেন্টে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে ভবিষ্যদ্বাণীতে অংশ নিয়ে আবারও আত্মবিশ্বাসের কথা জানান ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। তার মতে, কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে ইংল্যান্ড, পর্তুগাল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ব্রাজিল ও মেক্সিকো।
সবচেয়ে আলোচনার বিষয় ছিল তার এই তালিকায় স্পেনের অনুপস্থিতি। বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত হলেও মার্টিনেজের ধারণা, স্পেন শেষ ষোলোতেই আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেবে। স্বভাবসুলভ আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি ইঙ্গিত দেন; আবারও ইতিহাস লিখতে প্রস্তুত আর্জেন্টিনা।