নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি পুনঃনির্ধারণের কারণে বদলে গেছে অস্ট্রেলিয়া নারী দলের ঘরোয়া আন্তর্জাতিক সূচি। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত সিরিজেও। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ নারী দলের। কিন্তু নতুন সূচির কারণে সেই সিরিজ বাতিল করতে বাধ্য হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এর আগে বাংলাদেশ নারী দল ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে সংশোধিত সূচিতে ওয়ানডে সিরিজটি বহাল থাকলেও টি-টোয়েন্টি সিরিজটি আর হচ্ছে না। বাংলাদেশের পরিবর্তে সেই সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড নারী দল।
আইসিসি শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসরের সূচি জুন-জুলাই থেকে সরিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর অস্ট্রেলিয়া তাদের নারী দলের সূচি নতুন করে সাজায়। এর ফলে নিউজিল্যান্ডের সফরও দুই ভাগে ভাগ করা হয়েছে।
সংশোধিত সূচি অনুযায়ী, নিউজিল্যান্ড নারী দল অক্টোবর ১৮, ২০ ও ২২ তারিখে সিডনির নর্থ সিডনি ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে। এই তারিখগুলোতেই আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল।
এরপর মার্চে আবার অস্ট্রেলিয়ায় যাবে নিউজিল্যান্ড নারী দল। সেখানে ৬ মার্চ ক্যানবেরার মানুকা ওভালে এবং ৮ ও ১০ মার্চ মেলবোর্নের জাংশন ওভালে তিনটি ওয়ানডে খেলবে তারা। ৮ মার্চের ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। কারণ জাংশন ওভালে ফ্লাডলাইট স্থাপনের পর এটিই হবে প্রথম দিবা-রাত্রির আন্তর্জাতিক ম্যাচ। একই দিনে মেলবোর্নে সরকারি ছুটি এবং আন্তর্জাতিক নারী দিবসও পালিত হবে।
এই সিরিজের পরই ১১-১৫ মার্চ টেস্টের দেড়শ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। নারী দলের ওয়ানডে ম্যাচগুলো মূল সূচির ১, ৫ ও ৭ মার্চের পরিবর্তে পিছিয়ে দেওয়া হয়েছে, যাতে দলগুলো শ্রীলঙ্কা থেকে ফিরে পর্যাপ্ত সময় পায়। শেষ দুটি ম্যাচ অ্যাডিলেডের পরিবর্তে মেলবোর্নে আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন তারিখ সম্পর্কে আইসিসির ঘোষণার পর আমরা এমন একটি সংশোধিত সূচি তৈরি করেছি, যা দল ও সমর্থকদের জন্য সর্বোত্তম ফল বয়ে আনবে।’
তিনি আরও বলেন, ‘১৫০তম বার্ষিকী টেস্টের আগে নারী ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাংশন ওভালে আলোয় অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ম্যাচ নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।’
বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন পিটার রোচ। বিশেষ করে নিউজিল্যান্ডকে দুই দফায় অস্ট্রেলিয়া সফরে সম্মত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
নতুন সূচি
অস্ট্রেলিয়া নারী দল বনাম বাংলাদেশ নারী দল
৯ অক্টোবর: অ্যালান বোর্ডার ফিল্ড, দিবা-রাত্রি
১১ অক্টোবর: অ্যালান বর্ডার ফিল্ড, দিবা-রাত্রি
১৪ অক্টোবর: অ্যালান বর্ডার ফিল্ড, দিবা-রাত্রি
অস্ট্রেলিয়া নারী দল বনাম নিউজিল্যান্ড নারী দল
১৮ অক্টোবর: নর্থ সিডনি ওভাল
২০ অক্টোবর: নর্থ সিডনি ওভাল
২২ অক্টোবর: নর্থ সিডনি ওভাল
অস্ট্রেলিয়া নারী দল বনাম নিউজিল্যান্ড নারী দল
৬ মার্চ: মানুকা ওভাল, দিবা-রাত্রি
৮ মার্চ: জাংশন ওভাল, দিবা-রাত্রি
১০ মার্চ: জাংশন ওভাল, সকাল