রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচনে আবারও জয় পেয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাব সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী এনরিকে রিকেলমেকে হারিয়ে ২০৩০ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির নেতৃত্ব দেওয়ার ম্যান্ডেট পেয়েছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মোট ভোটের ৬৫ শতাংশ পেয়েছেন পেরেজ। অন্যদিকে এনরিকে রিকেলমে পেয়েছেন ৩৫ শতাংশ ভোট। প্রায় দুই দশক পর রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচনে এমন প্রতিদ্বন্দ্বিতা দেখা গেল।
পেরেজের জয় রিয়াল মাদ্রিদে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের আগে তিনি বড় কিছু পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল জোসে মরিনহোর সম্ভাব্য প্রত্যাবর্তন। পেরেজের জয়ের পর সেই পথ আরও সহজ হলো বলেই মনে করা হচ্ছে।
শুধু কোচ নয়, দলবদলের বাজারেও বড় চমকের আভাস দিয়েছেন পেরেজ। নির্বাচনের আগে তিনি জানিয়েছিলেন, একটি শীর্ষ ইউরোপীয় ক্লাবের তারকাকে দলে ভেড়াতে প্রায় ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হতে পারে। যদিও সেই ফুটবলারের নাম প্রকাশ করেননি তিনি।
ট্রফিহীন মৌসুমের পর রিয়াল মাদ্রিদে পরিবর্তনের দাবি জোরালো হচ্ছিল। সেই চাপের মধ্যেই আবারও সভাপতির চেয়ারে ফিরলেন পেরেজ। এখন সমর্থকদের নজর তার প্রতিশ্রুত পরিবর্তন, নতুন কোচ এবং সম্ভাব্য ‘গ্যালাকটিকো’ সাইনিংয়ের দিকে।