২০২৬ ফিফা বিশ্বকাপের খেলা দেখতে আসা দর্শকদের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা। তবে সমর্থক গোষ্ঠী ও শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের তীব্র প্রতিবাদের কারণে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এখন দর্শকরা স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন।
শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফা এই নতুন নীতিমালার ঘোষণা দিয়েছে। পোস্টে বলা হয়, ‘২০২৬ ফিফা বিশ্বকাপের যেকোনো ম্যাচে সব সমর্থক একটি করে নরম প্লাস্টিকের, ৫৯০ মিলি ধারণক্ষমতাসম্পন্ন, ফ্যাক্টরি-সিলড ওয়ানটাইম পানির বোতল সঙ্গে নিয়ে ঢোকার অনুমতি পাবেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘নিরাপত্তা ও সুরক্ষার কারণে সমর্থকেরা শক্ত প্লাস্টিক বা ধাতব তৈরি পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।’
প্রাথমিকভাবে ফিফার স্টেডিয়াম বিধিমালায় বলা হয়েছিল, দর্শকরা সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন। কিন্তু গত মঙ্গলবার নথির হালনাগাদ সংস্করণে বলা হয়, ‘পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামের ভেতরে আনা যাবে না’। ফিফা জানায়, খেলোয়াড় ও দর্শকদের যেকোনো ধরনের ঝুঁকি ও চোট থেকে রক্ষা করতেই বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার অনেক শহরেই তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে। এমন প্রচণ্ড গরমের মধ্যে বোতল নিষিদ্ধ করার প্রাথমিক সিদ্ধান্তটি সমালোচিত হয়।
ইংলিশ সমর্থক গোষ্ঠী ‘দ্য ফ্রি লায়ন্স’ এক বিবৃতিতে বলেন, ‘স্বাভাবিকভাবেই সমর্থকদের প্রথম প্রতিক্রিয়া হচ্ছে; এটি আসলে টাকা হাতানোর আরেকটি নতুন ফন্দি।’ নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, ‘পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধ করা উদ্বেগজনক। কারণ প্রচণ্ড গরমে শুধু খেলোয়াড়রাই নয়, দর্শকরাও দীর্ঘ সময় ধরে তার মুখোমুখি হবেন।’