পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শন টেইট। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানিয়েছে, নিজের পারিবারিক পরিস্থিতি বোর্ডকে জানানো পর টেইট দায়িত্বে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তিনি কম সময়ের জন্য কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। পরে উভয় পক্ষের আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে পদত্যাগ করাই সবচেয়ে উপযুক্ত সমাধান। বিষয়টি পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নেওয়া হয়েছে।
২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের সাপোর্ট স্টাফে যোগ দিয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেইট। দায়িত্বকালীন সময়ে তিনি দেশের পেস বোলিং ইউনিটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অধীনে বাংলাদেশের পেসাররা দক্ষতা, ধারাবাহিকতা ও কার্যকারিতা আরও উন্নত করতে সক্ষম হয়েছেন।
বিসিবি জানিয়েছে, টেইটের সময়েই বাংলাদেশের পেস আক্রমণ শক্তিশালী ও কার্যকর হয়েছে। বিভিন্ন ফরম্যাটে ফাস্ট বোলারদের পারফরম্যান্স উন্নয়নে তার অবদান ছিল উল্লেখযোগ্য। এছাড়া সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ সাফল্যের সময়ও দলের কোচিং স্টাফ হিসেবে অংশ নিয়েছিলেন তিনি।
পদত্যাগ প্রসঙ্গে টেইট বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা এবং প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি দলের অংশ হতে পারা আমার জন্য বিশেষ সম্মানের বিষয় ছিল। এটি সহজ কোনো সিদ্ধান্ত ছিল না। আলোচনার পুরো সময়জুড়ে বিসিবি যে সমর্থন ও বোঝাপড়ার পরিচয় দিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘পেস বোলাররা যে অগ্রগতি অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত। আমি বিশ্বাস করি তাদের সামনে দারুণ একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলের আগামী পথচলার জন্য আমি সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।’
অন্যদিকে, বিসিবি শন টেইটের বাংলাদেশ ক্রিকেটে মূল্যবান অবদান ও সেবার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যতের দায়িত্ব ও কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছে। টেইটের বিদায়ের ফলে এখন বাংলাদেশ জাতীয় দলের নতুন বোলিং কোচ নিয়োগের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে এই দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের।