টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ল নেপাল। বিশ্বের প্রথম দেশ হিসাবে দুইবার ৩০০ বা তার বেশি রান করল নেপাল। চীনের বিরুদ্ধে ২ উইকেটে ৩১৩ রান করে নজির গড়েছে মাউন্ট এভারেস্টের দেশ। এই নিয়ে পাঁচবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ বা তার বেশি রানের ইনিংস হলো।
নিউজ এইটিন জানিয়েছে, আগামী এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চীনের মুখোমুখি হয়ে এই রেকর্ড গড়ল নেপাল। রোববার (৩১ মে) সিঙ্গাপুরে আয়োজিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৩১৩ রান তোলে নেপাল। তাতেই হয়েছে রেকর্ড। এই প্রথম কোনো দেশ হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে একাধিকবার ৩০০ বা তার বেশি রানের ইনিংস গড়ল। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০ বা তার বেশি রান করার কৃতিত্ব রয়েছে আরও তিনটি দেশের। ২০২৪ সালের অক্টোবরে গাম্বিয়ার ৪ উইকেটে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। চলতি মাসে অস্ট্রিয়ার বিরুদ্ধে ১ উইকেটে ৩০৮ রান করেছে জার্মানি। গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ উইকেটে ৩০৪ রান করেছিল ইংল্যান্ড।
রোববারের ম্যাচে চীনকে ২২১ রানে হারিয়েছে নেপাল। তাদের ৩১৩ রানের জবাবে চীনের ইনিংস শেষ হয় ১৯.২ ওভারে ৯২ রানে। নেপালের হয়ে ৪৩ বলে ১২৯ রান করেন ওপেনার কুশল ভুর্তেল। ৪৭ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কুশল মল্লা। ২১ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন রোহিত পৌডেল। চীনের পক্ষে সর্বোচ্চ রান শেনজিয়ান ঝেংয়ের ১৫ বলে ৩১। নেপালের সফলতম বোলার মল্লা কোনো রান না দিয়েই ৩ উইকেট নিয়েছেন।