বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে নিজেকে নতুন করে প্রমাণ করার মঞ্চ হিসেবে দেখা হচ্ছিল ম্যাচটিকে। কিন্তু মাঠের লড়াইয়ের চেয়ে বেশি আলোচনায় উঠে এলেন নেইমার, তাও এক অদ্ভুত বিভ্রান্তির ঘটনায়। বদলির বোর্ডে ভুল নম্বর ওঠানোকে কেন্দ্র করে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি, যা শেষ পর্যন্ত হতাশা আর ক্ষোভেই শেষ হয় ব্রাজিল তারকার জন্য।
রোববার করিতিবার বিপক্ষে ৩-০ গোলে হারে সান্তোস। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি চর্চা হচ্ছে নেইমারকে ঘিরে ঘটে যাওয়া বিতর্ক নিয়ে। অভিযোগ উঠেছে, বদলির সময় চতুর্থ কর্মকর্তা ভুল করে নেইমারের ১০ নম্বর জার্সি তুলে ধরেন। অথচ মাঠ ছাড়ার কথা ছিল তার সতীর্থ গঞ্জালো এস্কোবারের।
ঘটনার সময় পায়ের কাফ ইনজুরির কারণে সাময়িকভাবে মাঠের বাইরে ছিলেন নেইমার। চিকিৎসা শেষে আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক তখনই বদলির বোর্ডে ভেসে ওঠে তার নম্বর, যা মুহূর্তেই তৈরি করে বিভ্রান্তি।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন নেইমার মাঠে ফেরার চেষ্টা করেন। তাকে ফের মাঠে ঢুকতে বাধা দেওয়া হলে ক্ষোভ প্রকাশ করেন এই ব্রাজিল তারকা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রতিবাদ করায় রেফারি তাকে হলুদ কার্ডও দেখান। শেষ পর্যন্ত আর মাঠে ফেরা হয়নি তার।
ম্যাচ শেষে নেইমার দাবি করেন, পুরো ঘটনাই হয়েছে ভুল বোঝাবুঝি থেকে। তার মতে, চতুর্থ কর্মকর্তা ভুল বুঝেই তাকে বদলি দেখিয়েছেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে হতাশা আর ক্ষোভে প্রতিক্রিয়া জানাতে দেখা যায় নেইমারকে।
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ঠিক আগে এমন ঘটনায় জড়িয়ে পড়া নেইমারের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন অনেকেই। মাঠে নিজেকে প্রমাণের সুযোগ যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেখানে ভুল সিদ্ধান্তের বিতর্কই কেড়ে নিল সব আলো।