আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনো পুরোপুরি নিশ্চিত নয়। বিভিন্ন জটিলতা নিয়ে সমাধান খুঁজতে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছে ফিফা ও ইরানের প্রতিনিধি দল। এমন অনিশ্চয়তার মধ্যেই ৩০ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ইরান।
আগামীকাল সোমবার (১৮ মে) তুরস্কে যাবে ইরান ফুটবল দল। সেখানে আন্তালিয়ায় বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প করবে তারা। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত আনুষ্ঠানিকতাও সম্পন্ন করবে দলটি। আন্তালিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে ইরান। এর মধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ নিশ্চিত হয়েছে। অন্য ম্যাচের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
ইরানের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি। পাশাপাশি দলে আছেন আরও বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। তবে জায়গা হয়নি ইরানের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সর্দার আজমুনের।
দল ঘোষণা নিয়ে ইরানের কোচ আমির গালেনোই বলেন, ‘বিশ্বকাপের আগে শেষ ট্রেনিং ক্যাম্পের জন্য ৩০ জন খেলোয়াড় বাছাই করা ছিল আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন টেকনিক্যাল সিদ্ধান্ত।’
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। একই শহরে তাদের দ্বিতীয় ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিশরের মুখোমুখি হবে দলটি।
ইরানের ৩০ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ।
ডিফেন্ডার: দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান।
মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহী, মেহেদী ঘায়েদী, সামান ঘোদোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবী, আমির মোহাম্মদ রাজাগিনিয়া, মেহেদী তোরাবি, আরিয়া ইউসেফি।
ফরোয়ার্ড: আলী আলিপুর, ডেনিস দারগাহি, হাদি হাবিবিনেজাদ, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, কাসরা তাহেরি, মেহেদী তারেমি।