জাতীয় দলের ভবিষ্যৎ শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগ। জাতীয় দলের পাইপলাইন গড়ে তোলার এই ইউনিটকে ঘিরে প্রতি মৌসুমেই আলাদা পরিকল্পনা সাজায় বিসিবি। আসন্ন মৌসুমেও বড় পরিসরে প্রস্তুতি নিয়েছে বোর্ড।
এইচপি বিভাগের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের সঙ্গেও কাজ করা এই অভিজ্ঞ কোচের ওপরই এবার আস্থা রাখতে যাচ্ছে বিসিবি। জানা গেছে, বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে তার আলোচনা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন সালাউদ্দিন, এরপরই এইচপির দায়িত্ব নেবেন তিনি।
এবারের এইচপি স্কোয়াডে থাকছে না কোনো বয়সসীমা। সবমিলিয়ে সাদা বল ও লাল বল মিলিয়ে ৩৫ জন ক্রিকেটার নিয়ে গঠন করা হবে দল। কোচিং স্টাফেও থাকছেন সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহ ও তালহা জুবায়েরের মতো পরিচিত নাম।
সবকিছু ঠিক থাকলে এইচপির নতুন মৌসুম শুরু হবে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ দিয়ে। আগামী ১ জুন শুরু হবে ক্যাম্প, আর ৩ জুন বাংলাদেশ এইচপির বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে ‘এ’ দল।
এরপর ৮, ১০ ও ১৩ জুন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়া ও রাজশাহীতে। পাশাপাশি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজন করা হবে দুটি চারদিনের ম্যাচ।
এরপর জুলাইয়ে বাংলাদেশ এইচপি দল সফর করবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এরপর ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে এইচপি ইউনিট। সেখানে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি দুটি চারদিনের ম্যাচও খেলবে দলটি। এছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি দলের খেলোয়াড়দের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।