প্রথমে বৃষ্টির শব্দ, তারপরই ভিজে যাওয়া, সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। আর বৃষ্টি থামার পর পরিষ্কার, ঠান্ডা বাতাস। চারপাশের সবুজ যেন আরও উজ্জ্বল, আর মনও যেন হালকা হয়ে যায়। প্রশ্ন জাগে, এটা কি শুধু গরম কমার প্রভাব, নাকি বৃষ্টিরও ভূমিকা আছে?
বৃষ্টির স্বতন্ত্র গন্ধ থেকে শুরু করে এর মাধ্যমে তৈরি হওয়া নেগেটিভ আয়ন, সব মিলিয়ে বৃষ্টি আমাদের শরীর ও মনের ওপর বিস্ময়কর প্রভাব ফেলে, বিশেষ করে মুড বা মানসিক অবস্থার ক্ষেত্রে। বিজ্ঞানীরা বলছেন, বৃষ্টির এমন ইতিবাচক প্রভাবের পেছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা।
সেরোটোনিন বাড়ায় বৃষ্টি
বৃষ্টির পানির ফোঁটা যখন একে অপরের সঙ্গে ধাক্কা খায় বা কোনো তলে আঘাত করে ভেঙে যায়, তখন নেগেটিভ আয়ন তৈরি হয়। একে বলা হয় ‘লেনার্ড এফেক্ট’। এগুলো মস্তিষ্কে সেরোটোনিন এবং আলফা ওয়েভ বাড়িয়ে দেয়, যা আমাদের সুখী ও শান্ত অনুভব করায়।
অনেক গবেষণায় দেখা গেছে, এই আয়ন বিষণ্নতা কমাতে সাহায্য করতে পারে, বিশেষ করে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডারের (এসএডি) ক্ষেত্রে। তবে এর সঠিক কার্যপ্রক্রিয়া এখনো পুরোপুরি নিশ্চিত নয়।
বাতাস পরিষ্কার করে
বৃষ্টি শুধু মন ভালো করে না, পরিবেশও পরিষ্কার করে। বৃষ্টির ফোঁটা বাতাসের ধুলা, ব্যাকটেরিয়া, অ্যালার্জেনসহ ক্ষুদ্র কণাগুলোকে টেনে মাটিতে নামিয়ে আনে। ফলে বৃষ্টির পর বাতাস হয়ে ওঠে আরও পরিষ্কার ও শ্বাস নেওয়ার জন্য আরামদায়ক।
পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যান সিজকো বলেন, বৃষ্টির ফোঁটা পড়ার সময় তারা বাতাসের ক্ষুদ্র কণাগুলোকে অনেকটা ঝাড়ু দেওয়ার মতো পরিষ্কার করে ফেলে। বৃষ্টির তীব্রতা যত বেশি হয়, বাতাস তত বেশি পরিষ্কার হয়।
স্মৃতি জাগানো গন্ধ
বৃষ্টির গন্ধকে বলা হয় ‘পেট্রিকর’, যা আমাদের মনে গভীর প্রভাব ফেলে। বৃষ্টির ফোঁটার আঘাতে শুকনো আবহাওয়ায় মাটিতে জমে থাকা জৈব পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে, ফলে তৈরি হয় এই পরিচিত গন্ধ। এই গন্ধের একটি অংশ আসে ‘জিওসমিন’ নামক যৌগ থেকে, যা মাটির ব্যাকটেরিয়া তৈরি করে। এ ছাড়া ঝড়ের সময় তৈরি হওয়া ওজোনও এই গন্ধে ভূমিকা রাখে।
এই গন্ধ আমাদের স্মৃতিকে উসকে দেয়। কারণ গন্ধ সরাসরি মস্তিষ্কের আবেগ ও স্মৃতির অংশ অ্যামিগডালাকে সক্রিয় করে। তাই বৃষ্টির গন্ধ অনেক সময় পুরনো স্মৃতি ফিরিয়ে আনে।
প্রশান্তির শব্দ
বৃষ্টির শব্দও আমাদের শরীর ও মনকে শান্ত করে। মৃদু বৃষ্টির শব্দ কর্টিসল (স্ট্রেস হরমোন) কমাতে সাহায্য করে ও অন্যান্য বিরক্তিকর শব্দ ঢেকে দেয়। গবেষণায় দেখা গেছে, ৪০–৫০ ডেসিবেল মাত্রার বৃষ্টির শব্দ সবচেয়ে বেশি আরামদায়ক, এটি ৬৫ শতাংশ পর্যন্ত মানসিক চাপ কমাতে পারে। ভারী বৃষ্টির শব্দ আরও গভীর ও স্থিতিশীল অনুভূতি দেয়, যা ঘুমের জন্য সহায়ক।
তথ্যসূত্র: বিবিসি