নারী ফুটবলারদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ার পর বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন গায়ানা ফুটবল ফেডারেশনের (জিএফএফ) সাবেক সাধারণ সম্পাদক ইয়ান আলভেস। ফিফা তাকে পাঁচ বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে।
সোমবার (৪ মে) ফিফার স্বাধীন নৈতিকতা কমিটি এই সিদ্ধান্ত ঘোষণা করে। একই সঙ্গে আলভেসকে ২০ হাজার সুইস ফ্রাঁ, অর্থাৎ প্রায় ২৫ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, নারী কর্মীদের যৌন হয়রানির মাধ্যমে তিনি সংস্থাটির নীতিমালার একাধিক গুরুতর ধারা লঙ্ঘন করেছেন। এর মধ্যে রয়েছে শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত না করা, ক্ষমতার অপব্যবহার এবং পেশাগত দায়িত্বে অবহেলা।
এক বিবৃতিতে ফিফা স্পষ্টভাবে জানায়, ফুটবলে যেকোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে তাদের অবস্থান ‘শূন্য সহনশীলতা’। তদন্তের সময় ভুক্তভোগীদের লিখিত বক্তব্য, গায়ানা ফুটবল ফেডারেশনের নথিপত্র, অভিযুক্তের জবাব এবং অন্যান্য প্রমাণ বিশদভাবে পর্যালোচনা করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ফিফা আরও জানিয়েছে, সংস্থার নিয়ম অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে এই শাস্তির পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রকাশ করা হবে।