বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজন। শনিবার (২৫ এপ্রিল) বগুড়ায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানিয়ে দেন, এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনাই তার নেই।
সুজন বলেন, তিনি নির্বাচনী দৌড় থেকে দূরে থাকলেও ক্রিকেটের সঙ্গেই থাকতে চান পেশাদারভাবে। বিশেষ করে কোচিং কিংবা দেশের ক্রিকেট উন্নয়নে যেকোনো ভূমিকা রাখতে পারলে সেটাকে ইতিবাচকভাবে দেখবেন তিনি। একই সঙ্গে বোর্ড যদি তাকে উপযুক্ত মনে করে, তাহলে অন্য কোনো ক্রিকেট সংশ্লিষ্ট দায়িত্বেও কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।
সম্প্রতি বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সঙ্গে দেশের ক্রিকেট উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সুজনের। সেখানে উঠে এসেছে বর্তমান ক্রিকেটের অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অবকাঠামোগত উন্নয়নের নানা দিক।
তামিমের পরিকল্পনা শোনার পাশাপাশি নিজের মতামতও খোলাখুলি তুলে ধরেন সুজন। তবে আলোচনার মাঝেই তিনি স্পষ্ট করে দেন, নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা তার নেই। এই সিদ্ধান্ত আগেই তামিমকে জানিয়ে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, চলতি মাসে জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে, যার সভাপতির দায়িত্ব পান তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর তামিম জানান, আগামী জুনের মধ্যেই বিসিবির সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।