ফুটবল দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত নাম মোহাম্মদ সালাহ। অ্যানফিল্ডে ‘মিসরীয় রাজা’ হিসেবে যিনি দীর্ঘদিন রাজত্ব করেছেন, সেই অধ্যায়ের ইতি টানার সময় যেন খুব কাছেই চলে এসেছে। লিভারপুলে তার অসাধারণ ক্যারিয়ার এখন শেষের পথে। গোল, অ্যাসিস্ট আর শিরোপায় ভরপুর এই যাত্রা ধীরে ধীরে স্মৃতিতে পরিণত হচ্ছে। তবে সালাহর ভবিষ্যৎ ঘিরে নতুন করে শুরু হয়েছে বড় ধরনের গুঞ্জন।
সবচেয়ে বেশি আলোচনায় এখন সৌদি আরবের আল নাসর। ফুটবল-বিশ্বে জোর গুঞ্জন, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একই দলে দেখা যেতে পারে সালাহকে। যদি এই জুটি বাস্তবে আসে, তাহলে তা হবে আধুনিক ফুটবলের অন্যতম বড় আকর্ষণ।
ফুটবল-বিষয়ক ওয়েবসাইট টিমটকের খবর অনুযায়ী, ফ্রি এজেন্ট হিসেবে লিভারপুল ছাড়ার পর সালাহকে দলে ভেড়াতে সবচেয়ে এগিয়ে আছে আল নাসর। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এই সম্ভাব্য জুটিকে বাস্তব করতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে।
তবে এই স্বপ্নের জুটি নিয়ে প্রশ্নও আছে। রোনালদো ও সালাহ, দুইজনই নিজেদের দলের কেন্দ্রবিন্দু। তাই মাঠে তাদের রসায়ন, দায়িত্ব ভাগাভাগি আর তারকাখ্যাতির ভারসাম্য কতটা ঠিক থাকবে, সেটাই এখন বড় আলোচনা।
শুধু আল নাসর নয়, সালাহকে ঘিরে সৌদি আরবের আরও কয়েকটি ক্লাবও দৌড়ে আছে। আল ইতিহাদ আগেও চেষ্টা করেছিল, এবারও লড়াইয়ে আছে তারা। পাশাপাশি আল আহলি, আল হিলাল এবং চমক হিসেবে আল কাদসিয়ার নামও আলোচনায় রয়েছে, যেখানে তার সাবেক কোচ ব্রেন্ডন রজার্স থাকাটা বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করতে পারে।
এদিকে অ্যানফিল্ডে সালাহ যুগের বিদায়ে আবেগ কাজ করছে। লিভারপুল কোচ আর্নে স্লটও স্বীকার করেছেন, এমন একজন গোলমেশিনের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়। তিনি বলেন, ‘আমরা জানি সালাহ চলে যাচ্ছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ঠিক তার মতো কাউকে খুঁজব, নাকি খেলার ধরনেই বদল আনব।’
লিভারপুলের হয়ে ৯ মৌসুমে ২৫৬ গোল করে সালাহ জিতেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগসহ আটটি বড় শিরোপা। এখন প্রশ্ন শুধু একটাই, অ্যানফিল্ডের পর তার পরবর্তী ঠিকানা কি সত্যিই রিয়াদ, নাকি অপেক্ষায় আছে আরও বড় কোনো চমক।