সিরিজের ভাগ্য নির্ধারণী ম্যাচকে সামনে রেখে জমে উঠেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই। দুই দলই এখন শেষ ম্যাচের অপেক্ষায়, আর কথার লড়াইয়ের বদলে মাঠের লড়াইটাকেই বড় করে দেখছেন টাইগারদের তরুণ পেসার নাহিদ রানা।
মিরপুরে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের পর চাপে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে স্বাগতিকরা। সেই ম্যাচে বল হাতে আগুন ঝরিয়ে ৩২ রানে ৫ উইকেট নিয়ে জয়ের নায়ক বনে যান নাহিদ, যা সিরিজে নতুন উত্তেজনা যোগ করেছে।
ম্যাচ শেষে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান নিক কেলি অবশ্য আত্মবিশ্বাস হারাননি। তিনি মনে করেন, সামান্য কিছু ভুলই তাদের পিছিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা যদি আরও ৪০-৫০ রান বেশি করতে পারতাম, তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। এখন বিশ্রাম নিয়ে শেষ ম্যাচে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় আছি।’
আইপিএল ও পিএসএলের ব্যস্ত সূচির কারণে পূর্ণ শক্তির দল না নিয়েই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। তবুও প্রতিদ্বন্দ্বিতায় কোনো ছাড় দিতে নারাজ তারা, বরং শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই নামবে কিউইরা।
অন্যদিকে, আত্মবিশ্বাসে ভরপুর নাহিদ রানা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কথার চেয়ে পারফরম্যান্সই আসল। তিনি বলেন, ‘ক্রিকেট মুখে নয়, মাঠে খেলা হয়। যে দল ভালো খেলবে, তারাই জিতবে।’ একই সঙ্গে ঘরের মাঠের সুবিধা কাজে লাগানোর কথাও বলেন তিনি, যদিও শেষ পর্যন্ত ফল নির্ধারণ করবে মাঠের পারফরম্যান্স; এ কথাও স্বীকার করেন।
এখন সব নজর চট্টগ্রামের দিকে, যেখানে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ভেন্যুতে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট দেখা যায়, তাই শেষ লড়াইটা হতে পারে রানের। আর সেখানেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।