পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার সেই তালিকায় যুক্ত হলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা, যাকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত লাহোর কালান্দার্সের সঙ্গে তার চুক্তি ঘিরে। পিএসএলে খেলার অঙ্গীকার থাকা সত্ত্বেও হঠাৎ করেই টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নেন শানাকা। এরপরই তিনি যোগ দেন আইপিএলের দল রাজস্থান রয়্যালসে। পিসিবির দৃষ্টিতে এই পদক্ষেপ ছিল সরাসরি চুক্তি ভঙ্গের শামিল।
সোমবার এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘বিস্তারিত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বোর্ড আরও মনে করে, ‘শানাকা একতরফাভাবে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন, যা খেলোয়াড় নিবন্ধন নীতিমালা এবং ত্রিপক্ষীয় চুক্তির স্পষ্ট লঙ্ঘন।’ এই সিদ্ধান্তের ফলে ২০২৭ সালের পিএসএলে অংশ নিতে পারবেন না এই অলরাউন্ডার।
এ ধরনের ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগেও একই কারণে কঠোর পদক্ষেপ নিয়েছিল পিসিবি। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকেও দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করে তিনি যোগ দিয়েছিলেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে, যা শেষ পর্যন্ত তার জন্য বড় শাস্তিই ডেকে আনে।
এই ঘটনাগুলো স্পষ্ট করে দিচ্ছে, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে প্রতিযোগিতা যত বাড়ছে, ততই চুক্তি ও প্রতিশ্রুতির গুরুত্বও বাড়ছে। আর সেই জায়গায় কোনো ছাড় দিতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।