নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। চোটের কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান, আর তাতেই দলে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। দ্বিতীয় ম্যাচের আগে তার ফেরা নিয়েও ছিল শঙ্কা।
তবে সেই দুশ্চিন্তা কিছুটা দূর করেছেন সতীর্থ শরিফুল ইসলাম। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ উনি (মোস্তাফিজ) মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ।’
প্রথম ওয়ানডেতে মোস্তাফিজের নাম একাদশে থাকলেও শেষ মুহূর্তে সরে আসতে হয় তাকে। গা গরম করার সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন তিনি। বিষয়টি কোচকে জানানো হলে অধিনায়ককে অবহিত করা হয়, এরপরই তাকে না খেলানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
তবে দ্বিতীয় ওয়ানডেতে তার ফেরার সম্ভাবনা এখন বেশ উজ্জ্বল। শরিফুল জানালেন, স্কোয়াডে থাকা সবাই প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা যে ১৫ জন স্কোয়াডে আছি, সবাই প্রস্তুত থাকি ম্যাচ খেলার জন্য। এখন কোচ বা উনারা যে দল দিবে সেই দল নামবে। এটা তো আমার হাতে নেই।’
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যেই ০-১ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। ফলে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য এখন কার্যত ‘বাঁচা-মরার’ লড়াই। এই ম্যাচে হার মানেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানো।
সবকিছু ঠিক থাকলে আগামী ২০ এপ্রিল মিরপুরে মাঠে নামবে দুই দল। আর সেই ম্যাচেই চোখ থাকবে, মোস্তাফিজ ফিরছেন কি না।