ক্রিকেট আর বলিউড, দুই জগতের এই পুরোনো যোগসূত্রে আবারও যুক্ত হলো নতুন এক নাম। এক সময় মনসুর আলি খান পতৌদি থেকে শুরু করে বর্তমানের বিরাট কোহলি; তারকাদের প্রেমের গল্প নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় উঠে এসেছেন তরুণ পেসার আর্শদীপ সিং ও মডেল-অভিনেত্রী সামরিন কৌর।
আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা আর্শদীপ ২০২৬ মৌসুমে যেমন বল হাতে আলো ছড়াচ্ছেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে সামরিন কৌরও তার অভিনয় ও মডেলিং ক্যারিয়ারে ইতোমধ্যেই নজর কেড়েছেন। ফলে দুজনকে ঘিরে গড়ে ওঠা সম্পর্কের গুঞ্জন ভক্তদের মধ্যে তৈরি করেছে বাড়তি কৌতূহল।
সামরিন কৌর পুনের সিম্বায়োসিস কলেজ অব আর্টস অ্যান্ড কমার্স থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১৮ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালিস্ট হয়ে প্রথম বড় পরিচিতি পান। যেখানে তিনি জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিত্ব করেছিলেন। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিজেকে প্রমাণ করেছেন তিনি।
মিউজিক ভিডিওতে কাজ করে বেশ জনপ্রিয়তা পান সামরিন। জুবিন নটিয়ালের সঙ্গে ‘তুজে ভুলনা তো চাহা’ এবং বাদশাহর ‘বাওলা’ গান তাকে আরও পরিচিত করে তোলে। অভিনয়ের ক্ষেত্রেও রয়েছে তার উপস্থিতি। ৮৩ ছবিতে রণবীর সিং-এর সঙ্গে কাজ করেছেন, পাশাপাশি নেইল পলিশেও দেখা গেছে তাকে।
গুঞ্জনের সূত্রপাত মূলত সামাজিক মাধ্যম থেকেই। সম্প্রতি স্ন্যাপচ্যাটে একটি ছবি শেয়ার করেন আর্শদীপ, যেখানে তাকে এক রহস্যময় নারীর হাত ধরে থাকতে দেখা যায়। নেটিজেনদের নজর এড়ায়নি সেই হাতের ট্যাটু ও নখের নকশা, যা সামরিনের ইনস্টাগ্রাম পোস্টের সঙ্গে মিলে যায় বলেই দাবি।
শুধু তাই নয়, আইপিএলের ম্যাচেও নাকি একাধিকবার দেখা গেছে সামরিনকে। মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়াম এবং ওয়াংখেড়ে স্টেডিয়াম-এর ভিআইপি গ্যালারিতে বসে আর্শদীপকে সমর্থন করতে দেখা গেছে বলে আলোচনা রয়েছে।
যদিও দুজনের কেউই এখনো এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, তবুও সামাজিক মাধ্যমে চলা নানা ইঙ্গিত আর মিল খুঁজে পাওয়ার খেলায় গুঞ্জনটা দিন দিন আরও জোরালোই হচ্ছে।