২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনো পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে ৪১ বছর বয়সেও নিয়মিত গোল করে যাচ্ছেন এই পর্তুগিজ মহাতারকা, আর সেই পারফরম্যান্সই তাকে দীর্ঘ সময় খেলার আত্মবিশ্বাস দিচ্ছে।
সম্প্রতি সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানান, ভালো ফর্ম ধরে রাখতে পারলে তিনি আরও কয়েক বছর খেলে যেতে চান। এমনকি ২০৩০ সাল পর্যন্ত মাঠে থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।
তার মূল লক্ষ্য এখনো একটাই, দেশের হয়ে বিশ্বকাপ শিরোপা জেতা। রোনালদোর মতে, শারীরিক সক্ষমতা ও পারফরম্যান্স ঠিক থাকলে তিনি ৫০ বছর বয়স পর্যন্তও খেলতে পারেন।
এর আগে অনেকেই মনে করেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপই ছিল তার শেষ আসর। তবে এখন তিনি শুধু ২০২৬ বিশ্বকাপই নয়, ভবিষ্যতেও খেলার সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী।
উল্লেখ্য, পর্তুগাল জাতীয় ফুটবল দল ২০২৬ বিশ্বকাপে গ্রুপ কে-তে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়া।