আইপিএল চলতি আসরে বড় প্রত্যাশা নিয়ে দলে ভেড়ানো ক্যামেরন গ্রিন এখন কলকাতা নাইট রাইডার্স শিবিরে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন। ২৫.২ কোটি রুপির এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ব্যাট-বল দুই বিভাগেই ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হওয়ায় প্রশ্ন উঠছে তার পারফরম্যান্স নিয়ে।
মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করেন গ্রিন। বল হাতে মাত্র দুই ওভারে ৩০ রান খরচ করার পর ব্যাট হাতে নেমে প্রথম বলেই ‘গোল্ডেন ডাক’ হন তিনি।
চলতি মৌসুমে পাঁচ ম্যাচে তার রান নিয়েও প্রশ্ন উঠেছে। ১৮, ২, ৪, ৩২ এবং ০। একটি অপরাজিত ইনিংস থাকলেও সামগ্রিকভাবে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। ফলে দলের মিডল অর্ডারে ভরসা তৈরি করতে পারছেন না তিনি। বোলিংয়েও তার অবদান সীমিত হয়ে পড়েছে।
পিঠের চোট কাটিয়ে ফেরার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশনায় তার বোলিং ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাই প্রথম তিন ম্যাচে বলই করেননি, আর পরের ম্যাচগুলোতেও মাত্র দুই ওভার করে বোলিং করছেন।
এ ছাড়া তাকে কোন ব্যাটিং পজিশনে খেলানো হবে, সেটিও এখনো স্থির হয়নি। নিয়মিত পজিশন পরিবর্তনের কারণে নিজের ছন্দ খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন এই অলরাউন্ডার। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করেন, গ্রিন আগের মতো আত্মবিশ্বাসী নন। তার ব্যাটিংয়ে দ্বিধা ও চাপের ছাপ স্পষ্ট।
বড় অঙ্কের এই তারকাকে ঘিরে যতটা প্রত্যাশা ছিল, বাস্তবতা এখন ততটাই হতাশাজনক। দ্রুত ফর্মে না ফিরলে কলকাতা নাইট রাইডার্সের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।