আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে নেইমারের জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও আশার আলো দেখালেন কোচ কার্লো আনচেলত্তি। দায়িত্ব নেওয়ার পর এখনো কোনো ম্যাচে নেইমারকে দলে নেননি তিনি, তবে সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধও করেননি।
আনচেলত্তির বার্তা একেবারেই স্পষ্ট। দলে সুযোগ পাবেন তারাই, যারা শারীরিকভাবে শতভাগ প্রস্তুত। সেই বিবেচনায় নেইমারের জন্যও সুযোগ খোলা রয়েছে, যদি তিনি নিজের ফিটনেস পুরোপুরি ফিরে পান।
তিনি বলেন, ‘নেইমার ব্রাজিলের ফুটবলে ইতিহাস গড়েছে এবং এখনও দারুণ প্রতিভাবান। তাই অনেকেই মনে করেন, সে দলকে বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে।’
চোট কাটিয়ে ফেরার লড়াইটা অবশ্য সহজ ছিল না নেইমারের জন্য। গত বছরের ২২ ডিসেম্বর বাম হাঁটুতে ছোট অস্ত্রোপচারের পর ধীরে ধীরে মাঠে ফিরছেন তিনি। চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতেও আরও একটি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন, যাতে বিশ্বকাপের আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তুলতে পারেন।
আনচেলত্তির মতে, এখন নেইমারের পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। গোল পাচ্ছেন, ছন্দে ফিরছেন; এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবং ফিটনেস আরও উন্নত হলে তার সুযোগ বাড়বে। সম্প্রতি সান্তোসের হয়ে অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন নেইমার, যা তার ফিটনেস ফিরে পাওয়ার পথে গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
সান্তোস কোচ কুকা জানিয়েছেন, নেইমার প্রতিটি ম্যাচেই উন্নতি করছেন। অনুশীলনের পরও বাড়তি সময় দিচ্ছেন, বল নিয়ে তার নড়াচড়া আগের চেয়ে অনেক সাবলীল হয়েছে। তবে পুরো ৯০ মিনিট খেলানো এখনও কিছুটা ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন তিনি।