সান্ডারল্যান্ডের কাছে হারের হতাশা তো ছিলই, কিন্তু সেই সঙ্গে টটেনহ্যামের ডাগআউটে নেমে এসেছে আরও বড় এক দুশ্চিন্তা। আর এই দুশ্চিন্তা শুধু ক্লাবেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনা শিবিরেও। ম্যাচ চলাকালীন চোট পেয়ে কান্নায় ভেঙে পড়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো, যা পুরো পরিস্থিতিকে আরও ভারী করে তোলে।
গতকাল রোববার প্রতিপক্ষের মাঠে খেলা ম্যাচটির দ্বিতীয়ার্ধে ঘটে এই ঘটনা। নিজ দলের গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে ধাক্কা লেগে ব্যথা পান টটেনহ্যামের এই সেন্টার ব্যাক। ধাক্কার পরই বোঝা যাচ্ছিল কিছু একটা ঠিক নেই; খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
স্ট্রেচারের প্রয়োজন না হলেও, সাইডলাইনের দিকে হাঁটার সময় তার মুখের অভিব্যক্তিই সব বলে দিচ্ছিল। ভেঙে পড়া এক রোমেরোকে তখন সান্ত্বনা দিতে ছুটে আসেন সতীর্থরা। মুহূর্তটি যেন শুধু একটি ইনজুরির নয়, বরং বড় কোনো আশঙ্কার ইঙ্গিত দিচ্ছিল।
চোটের ধরন এখনও পরিষ্কার নয়, তবে সময়টা নিয়েই বাড়ছে উদ্বেগ। জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দলের জন্য এটি এক অশনিসংকেত। কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় বড় অংশ জুড়ে থাকা এই ডিফেন্ডারের হঠাৎ এমন চোট নিঃসন্দেহে চিন্তার ভাঁজ ফেলবে।
অন্যদিকে, সংঘর্ষে মাথায় আঘাত পেলেও কিনস্কি খেলা চালিয়ে যান। ব্যান্ডেজ বেঁধেই মাঠে নিজের দায়িত্ব পালন করেন তিনি। ম্যাচ শেষে নতুন স্পার্স কোচ রবার্তো দে জার্বি রোমেরোর অবস্থা নিয়ে বলেন, ‘রোমেরোর চোটটা খারাপই মনে হচ্ছে। তবে এখনই কিছু নিশ্চিত বলা যাচ্ছে না। কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে। আমরা আশা করছি এটা গুরুতর কিছু নয়। সে আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’
এই হারের ফলে পয়েন্ট টেবিলে আরও চাপে পড়ে গেছে টটেনহ্যাম। ১৮তম স্থানে থাকা দলটি এখনও রেলিগেশন জোনেই রয়েছে। ১৭তম স্থানে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের থেকে তারা পিছিয়ে দুই পয়েন্টে। হাতে আছে মাত্র ৬টি ম্যাচ, সমীকরণটা তাই ক্রমেই কঠিন হয়ে উঠছে।