বাংলাদেশের ইতিহাসে সেরা অ্যাথলেট কে? এই প্রশ্নটি উঠলেই বেশিরভাগ মানুষের মনেই একটি নাম ভেসে আসে, আর সেটি হলো সাকিব আল হাসান। হয়তো এই নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু ‘দেশসেরা ক্রিকেটার সাকিব’, এ কথা এক বাক্যে সবাই মেনে নেন। কারণটা তার পারফরম্যান্স, ধারাবাহিকতা আর বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করার অসাধারণ সক্ষমতা।
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেওয়া এই তারকা ক্রিকেটারের শুরুর পথটা ছিল মাটির কাছাকাছি। আলোকদিয়ার মাঠ থেকে বিকেএসপি, সেখান থেকে উঠে আসা প্রতিভা পৌঁছে যায় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে। মিরপুরের মাঠ কাঁপিয়ে তিনি হয়ে ওঠেন দেশের ক্রিকেটের অন্যতম বড় ভরসা।

জন্মদিনে সাকিবকে ঘিরে ভক্ত-সমর্থকদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরাও। দীর্ঘদিন একসঙ্গে দেশের হয়ে খেলা মুশফিকুর রহিম তার জন্য আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের মানুষের মতো তিনিও চান সাকিব যেন নিজের ক্যারিয়ারের ইতি টানতে পারেন দেশের মাটিতেই।
রাজনৈতিক কারণে দেশের বাইরে থাকা সাকিবও বারবার ইঙ্গিত দিয়েছেন দেশের মাঠেই শেষ করতে চান তার ক্রিকেট যাত্রা। সেই প্রত্যাশাই এখন অনেকের হৃদয়ে।
এদিকে রুবেল হোসেন তার জন্মদিনে লিখেছেন, ‘আপনি একজন ক্রিকেটার নন, একটি যুগের নাম। শুভ জন্মদিন সাকিব আল হাসান।’

সবমিলিয়ে, জন্মদিনে সাকিবকে ঘিরে উচ্ছ্বাস, ভালোবাসা আর প্রত্যাশার কোনো কমতি নেই। দেশের ক্রিকেট ইতিহাসে তার নামটি যে আলাদা করে লেখা থাকবে; এ নিয়ে কারওই সন্দেহ নেই।