মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ফ্যানি উতাগুশিমানিন্দে। এর আগে তার চেয়ে কম বয়সে নারী-পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির নজির ছিল না। কেবল তাই নয়, অভিষেক ম্যাচ খেলতে নেমেই রুয়ান্ডার এই কিশোরী গড়েছেন একাধিক ইতিহাস।
এর আগে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে কারও সেঞ্চুরির কোনও কীর্তি ছিল না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত ব্যাটার হিসেবে সর্বোচ্চ ৯৬ রানের রেকর্ড ছিল কারেন রোল্টনের। তাকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি প্রথম নারী ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে ১১১ রান করলেন উতাগুশিমানিন্দে। নাইজেরিয়া আমন্ত্রণমূলক উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই তিনি এমন ঝড় তোলেন।
ঘানার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৬৫ বলের ইনিংসে ১৭টি বাউন্ডারি মারেন রুয়ান্ডার এই ব্যাটার। তার দাপুটে ব্যাটিংয়ে ভর করে রুয়ান্ডা ৩ উইকেটে ২১০ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান সংগ্রহ করে ঘানা। ফলে রুয়ান্ডা পায় ১২২ রানের বড় জয়। দলের পক্ষে বোলার বেলিসে মুরেকাতেতে তিন উইকেট শিকার করেন, আর ঘানার তিন ব্যাটার রানআউট হন।
এতদিন পুরুষ-নারী মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড ছিল অ্যামি হান্টারের দখলে। নিজের ষোলোতম জন্মদিনে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ১২১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন উতাগুশিমানিন্দে। মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির আগের রেকর্ড ছিল প্রসোকোভিয়া আলাকোর। ১৬ বছর ২৩৩ দিন বয়সে ২০১৯ সালে মালির বিপক্ষে ৭১ বলে ১১৬ রান করেছিলেন তিনি।
অন্যদিকে, ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছিলেন শহীদ আফ্রিদি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ বলে ১০২ রানের ইনিংস খেলেন ১৬ বছর ২১৭ দিন বয়সে। সেদিন মাত্র ৩৭ বলেই তিন অঙ্ক ছুঁয়ে আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছিলেন তিনি; যে রেকর্ড দীর্ঘদিন অক্ষুণ্ন ছিল।