বাংলাদেশের ক্রিকেটে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ খেলবেন বাংলাদেশের কোনো ক্রিকেটার। ১০০ বলের এই টুর্নামেন্টে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফোনিক্স।
নিলামে বাঁ-হাতি এই পেসারকে এক লাখ পাউন্ডে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৬৪ লাখ টাকার সমান। এর মধ্য দিয়ে ‘দ্য হানড্রেড’-এ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নাম লেখালেন মোস্তাফিজ।
বার্মিংহাম ফোনিক্সের কোচ শেন বন্ড মনে করেন, মোস্তাফিজুর রহমান দলের জন্য বড় পার্থক্য গড়ে দিতে পারেন। ইংল্যান্ডের কন্ডিশনে তার কাটার, স্লোয়ার ডেলিভারি ও বৈচিত্র্যময় বোলিং ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে বলেই বিশ্বাস বন্ডের। এর আগে ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে থাকাকালীন সময়েও মোস্তাফিজের সঙ্গে কাজ করেছেন সাবেক নিউজিল্যান্ড ফাস্ট বোলার শেন বন্ড। সেই অভিজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি।
বন্ড বলেন, ‘মোস্তাফিজের সঙ্গে আগেও কাজ করেছি। আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। সে এমন একজন বোলার, যে মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’
তিনি আরও বলেন, ‘মোস্তাফিজ একজন দুর্লভ বোলার। তার গতির ভিন্নতা ও বৈচিত্র্য ব্যাটারদের জন্য সবসময়ই কঠিন। আমার মনে হয়, ফিজ সেরা বোলারদের মধ্যেই পড়ে।’
উল্লেখ্য, ‘দ্য হানড্রেড’-এর পঞ্চম আসর শুরু হবে আগামী ২১ জুলাই।