রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিব (২৫) নামের এক 'কনটেন্ট ক্রিয়েটর'কে গুলি করেছে দুর্বৃত্তরা। এছাড়া তাকে ধারালো অস্ত্র দিয়েও আহত করা হয়। এরইমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৫ মার্চ) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের মধ্যেই এ ঘটনা ঘটে।
মোহাম্মদ ঈশান নামের এক পথচারী জানান, আজ মধ্যরাতে হঠাৎ করে তিন থেকে চার দুর্বৃত্ত রাকিবের মাথায় গুলি ও তার পেটের বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে আহত করে পালিয়ে যায়। পরে আমিসহ আরও কয়েকজন পথচারী মিলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, রাতে জাতীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আহত যুবক কনটেন্ট ক্রিয়েটর বলে জেনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
জানা গেছে, এরই মধ্যে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে রাকিব। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।