বাগেরহাটের রামপাল উপজেলার গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপাল থানার ওসি (তদত) সুব্রত মন্ডল জানান, নিহতদের মধ্যে ৯ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আর ৪ জনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহনাজ মোশাররফ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত শিশুসহ ৯ জনের লাশ আমাদের হাসপাতালে এসেছে। মৃত অবস্থায় তাদের আনা হয়।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানিয়েছেন, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। গুনাই ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ নারীসহ ৪ জনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন এসে মাইক্রোবাসে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল।
যারা নিহত হয়েছে তাদের মধ্যে ১২ জনই একই পরিবারের। মোংলা পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আ. রাজ্জাকের পরিবার। এ দুর্ঘটনায় মাইক্রোবাসের ড্রাইভার নিহত হয়েছেন, তার বাড়ি বাগেরহাটের রামপালে।
পুলিশ জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।