শ্রীলঙ্কার ক্যান্ডিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে পাকিস্তান দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে। হোটেলের এক নারী হাউসকিপিং কর্মীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগকে ঘিরে দলটির ভেতরে নীরব আলোচনা শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই নারী কর্মী চিৎকার করলে হোটেলের অন্যান্য কর্মীরা দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমারকে জানানো হয়। হোটেল কর্তৃপক্ষ শুরুতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবলেও দলের ম্যানেজার খেলোয়াড়ের পক্ষ থেকে ক্ষমা চান। পরে সংশ্লিষ্ট খেলোয়াড়কে জরিমানা করা হয় বলে জানা গেছে।
ঘটনার পর বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভেতরে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, পরবর্তীতে ওই ক্রিকেটারকে বোর্ডের শৃঙ্খলা কমিটির সামনে হাজির করা হতে পারে এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
উল্লেখ্য, বিদেশ সফরে পাকিস্তান দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে এর আগেও অসদাচরণের অভিযোগ উঠেছে। গত বছর ইংল্যান্ড সফরে পাকিস্তান শাহিনস দলের তরুণ ব্যাটার হায়দার আলি ধর্ষণের অভিযোগে ম্যানচেস্টার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরে প্রমাণের অভাবে তাকে মুক্তি দেওয়া হয়।