ইউরোপের একাধিক ক্লাবের আগ্রহের পর অবশেষে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাতেই যোগ দিলেন ১৬ বছর বয়সী বিস্ময় বালক অজয় তাভারেস। ইংলিশ ক্লাব নরউইচ সিটি একাডেমির এই প্রতিভাবান তরুণকে গত কয়েক মাস ধরেই নজরে রেখেছিল বিভিন্ন ক্লাব। শেষ পর্যন্ত কাতালানরাই জিতল দৌড়ে।
দুই বছরের চুক্তিতে ২০২৮ সালের জুন পর্যন্ত বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় থাকবেন তাভারেস। চুক্তির আর্থিক দিক প্রকাশ করা হয়নি।
ইংল্যান্ডে জন্ম নেওয়া তাভারেসের দলবদল নিয়ে ছিল কিছু জটিলতা। ফিফার নিয়ম অনুযায়ী, ১৮ বছরের আগে ব্রিটিশ খেলোয়াড়দের ইউরোপের অন্য ক্লাবে যোগ দেওয়া নিষিদ্ধ। তবে তাভারেসের পর্তুগিজ পাসপোর্ট এবং ইউরোপীয় বংশসূত্র থাকায় ১৬ বছর বয়সেই এই ট্রান্সফার সম্পন্ন হয়েছে।
অনূর্ধ্ব-১২ পর্যায়ে নরউইচে যোগ দেন তাভারেস। গত গ্রীষ্মে মাত্র ১৫ বছর বয়সে ডাচ ক্লাব ভোলেনদামর বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। যদিও এখনো সিনিয়র পর্যায়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়নি তার।
সবশেষ ৩১ জানুয়ারি নরউইচের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে চেলসির বিপক্ষে খেলেছেন তাভারেস। আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৫, ১৬ ও ১৭ দলে প্রতিনিধিত্ব করেছেন এই তরুণ ফুটবলার।