বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে কানাডায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক মেট আরওভি প্রতিযোগিতা ২০২৬-এ অংশ নিতে যাচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) একটি শিক্ষার্থী দল।
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এমআইএসটি ম্যাভিরভ দলটি ড্রোন, রিমোটলি অপারেটেড ভেহিকল এবং অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকল উন্নয়নে কাজ করছে। ক্যাপ্টেন মোহাম্মদ মইনুল হাসানের তত্ত্বাবধানে পরিচালিত এ দলে রয়েছে ১১ জন কোর সদস্য এবং ২৪ জন সাধারণ সদস্য।
দলটির উদ্ভাবিত লেভিয়াথান ২.০ আরওভি ইতোমধ্যে বিইএআর সামিট ২০২৫, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ স্কাউট জামবোরি এবং এমআইএসটি জব ফেয়ারে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি তারা ক্রিপার ১.০ নামে বিশেষায়িত আন্ডারওয়াটার পরিদর্শন ও মিশনভিত্তিক কার্যক্রমের জন্য একটি প্রযুক্তি প্ল্যাটফর্মও তৈরি করেছে।
কানাডায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক মেট আরওভি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে বাস্তব সামুদ্রিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী আন্ডারওয়াটার রোবট ডিজাইন, নির্মাণ এবং পরিচালনা করতে হয়। ২০২৫ সালে বিশ্বের ৭০টিরও বেশি প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশ নেয়, যা এটিকে আন্ডারওয়াটার রোবোটিকসের অন্যতম মর্যাদাপূর্ণ আসরে পরিণত করেছে।
এই আন্তর্জাতিক যাত্রায় অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পাশাপাশি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) দলটির পাশে রয়েছে, যার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের তরুণ উদ্ভাবকেরা বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতা ও সম্ভাবনা তুলে ধরার সুযোগ পেয়েছেন।