রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণাকেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) সামনে মিছিল বের করা হয়। এ সময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মহাখালীর বাস টার্মিনালের দিকে যাত্রা শুরু করেন। টার্মিনাল এলাকায় এলে মহিলা লীগেরও কয়েকজন যুক্ত হয়। এ সময় সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আওয়ামী লীগ মিছিল বের করেছিল। তারা ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে মিছিল থেকে চারজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছে। তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হওয়ার প্রক্রিয়া চলছে।