বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের বিষয়ে আমরা আশাবাদী। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সেই রায় আমরা মানব। অন্যদেরও তা মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘দীর্ঘ দেড় যুগ দেশবাসী কোনো ভোট দিতে পারেনি, আমিও পারিনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। তিনটি ভোট হারানোর পর আল্লাহ আজ আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, শুধু আমি নই, বিশেষ করে যুবসমাজ—যারা জীবনে একটা ভোটও দিতে পারেনি—তারা আজকের এই ভোটের জন্য বড় অপেক্ষায় ছিল। এই ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস ও দখলমুক্ত হোক। এটি যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেই দোয়া করি।’
তিনি আরও বলেন, ‘আগামীতে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার বা দলের হবে না; বরং ১৮ কোটি মানুষের সরকার হবে। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।’
জামায়াত আমির বলেন, ‘আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি—সবাই যার যার ঘর থেকে বেরিয়ে আসুন। নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের গর্বিত অংশীদার হোন।’
তিনি বলেন, ‘আমি কেবল কেন্দ্রে এসে ভোট দিলাম। এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব। ছোটখাটো কোনো বিষয় হলে আমরা অবশ্যই ইগনোর করব। কিন্তু বড় কোনো বিষয় হলে ছাড় দেব না। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না।’
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘মিডিয়া রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশ গড়ার কাজে আমরা মিডিয়াকে পাশে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা আগামী দিনগুলোতে একসঙ্গে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘মিডিয়ার মধ্যেও একই নিউজ ভিন্নভাবে পরিবেশিত হচ্ছে। কেউ যদি অপরাধ করে থাকে, সে আমি হলেও আমি অপরাধের বিপক্ষে। কিন্তু যা অপরাধ নয়, সেটাকে জোর করে অপরাধ বানানো আরও বড় অপরাধ।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ঢাকা-১৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এ আসনে পুরুষ ভোটারের ১ লাখ ৭৯ হাজার ৬১৬, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ এবং তৃতীয় লিঙ্গ ৪ জন ভোটার। এই আসনে মোট কেন্দ্র ১২৭ এবং মোট প্রার্থী আট জন।
প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান রহমান, আমজনতার দল মো. নিলাভ পারভেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মোবারক হোসেন, জনতার দল খান শোয়েব আমান উল্লাহ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ মো. আশফাকুর রহমান, জাতীয় পার্টি মো. সামসুল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আহাম্মদ সাজেদুল হক।